নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজ্যের উত্তর জেলার বিভিন্ন থানা পরিদর্শনে নেমে পুলিশি কার্যক্রমের খোঁজখবর নিলেন নর্দান রেঞ্জের ডিআইজি রথী রঞ্জন দেবনাথ। শুক্রবার তিনি কদমতলা, চুরাইবাড়ি ও পানিসাগর থানা পরিদর্শনে যান এবং সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গী ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার অভিনাশ রাই, মহকুমা পুলিশ আধিকারিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ডিআইজি রথী রঞ্জন দেবনাথ জানান, ডিআইজি হিসেবে তাঁর অধীনে থাকা উত্তর ত্রিপুরা, ঊনকোটি ও ধলাই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখা এবং তদারকি করা তাঁর নিয়মিত কর্মসূচির অংশ। সেই ধারাবাহিকতাতেই এদিন উত্তর জেলার থানাগুলোতে এই পরিদর্শন চালানো হয়েছে। bপরিদর্শনের মূল লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে ডিআইজি জানান, থানাগুলোতে বর্তমানে যে ‘বিট সিস্টেম’ চালু রয়েছে, তা কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে সে বিষয়ে তিনি নজর দিয়েছেন। বিশেষ করে সংশ্লিষ্ট পুলিশ অফিসার, কনস্টেবল ও এসপিওরা নিয়ম মেনে বিট পেট্রোলিং করছেন কি না, তা যাচাই করাই ছিল তাঁর এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।থানা পরিদর্শনের পাশাপাশি সেখানকার পুলিশ কর্মীদের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করেন ডিআইজি। কর্মীদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং কর্তব্য পালনের ক্ষেত্রে আরও দক্ষতা ও নিষ্ঠা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিশেষে, সাধারণ মানুষের কাছে পুলিশি পরিষেবাকে আরও দ্রুত পৌঁছে দিতে এবং পুলিশি ব্যবস্থাকে সম্পূর্ণ জনবান্ধব করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন তিনি।