খয়েরপুরে যানজট নিরসনে ৩০০ মিটার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ, পরিদর্শনে জেলা সভাধিপতি

Jul 03, 2026

খয়েরপুরে যানজট নিরসনে ৩০০ মিটার রাস্তা সম্প্রসারণের উদ্যোগ, পরিদর্শনে জেলা সভাধিপতি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআসাম–আগরতলা জাতীয় সড়কের খয়েরপুর বাঁশ বাজার থেকে খয়েরপুর বিজয় সংঘ পর্যন্ত অংশে প্রায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স এবং অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনকেও দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে, যা এলাকাবাসীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এই দীর্ঘদিনের সমস্যা সমাধানে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রায় ৩০০ মিটার রাস্তা দুই পাশে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছেন। শুক্রবার প্রস্তাবিত উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এডিএম অসিত কুমার দাস, অতিরিক্ত এসডিএম, পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।পরিদর্শনকালে রাস্তা সম্প্রসারণের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয় এবং দ্রুত কাজ শুরু করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, যানজট নিয়ন্ত্রণে ওই এলাকায় ট্রাফিক পুলিশ ও অন্যান্য পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।প্রশাসনের আশা, রাস্তা সম্প্রসারণের কাজ সম্পন্ন হওয়ার পাশাপাশি অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনা চালু হলে খয়েরপুর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।

বিভাগ

সর্বশেষ খবর