১৮ কোটি টাকার ইনজেকশনেই বাঁচতে পারে ছোট্ট মনশ্রী! বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়াতে তেলিয়ামুড়ায় নেমেছে 'যুব যোদ্ধা

Jul 04, 2026

১৮ কোটি টাকার ইনজেকশনেই বাঁচতে পারে ছোট্ট মনশ্রী! বিরল রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়াতে তেলিয়ামুড়ায় নেমেছে 'যুব যোদ্ধা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃজন্মের পর থেকেই বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-তে আক্রান্ত রাজ্যের ছোট্ট শিশু মনশ্রী চৌধুরী। পশ্চিম ত্রিপুরার হাপানিয়া এলাকার বাসিন্দা ধ্রুব চৌধুরীর কন্যা মনশ্রীকে সুস্থ করে তোলার একমাত্র আশা একটি বিশেষ ভ্যাকসিন, যা বিদেশ থেকে আমদানি করতে হবে। কিন্তু সেই জীবনরক্ষাকারী ভ্যাকসিনের মূল্য প্রায় ১৮ কোটি টাকা, যা কোনো সাধারণ পরিবারের পক্ষে বহন করা কার্যত অসম্ভব।অসহায় পরিবারের পক্ষ থেকে রাজ্যবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। ছোট্ট মনশ্রীর জীবন বাঁচাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে চলছে আর্থিক অনুদান সংগ্রহ।এই মানবিক উদ্যোগে সামিল হয়েছে তেলিয়ামুড়ার নবগঠিত 'যুব যোদ্ধা' সামাজিক সংস্থা। সংস্থার স্বেচ্ছাসেবকরা গত কয়েকদিন ধরে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন জনবহুল এলাকায় নেমে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করছেন। হাতে আবেদনপত্র ও অনুদান বাক্স নিয়ে পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন ছোট্ট মনশ্রীর জীবন বাঁচানোর আকুতি।সংস্থার স্বেচ্ছাসেবকদের দাবি, মানুষের মধ্যে ব্যাপক মানবিক সাড়া মিলছে। অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। তাদের বিশ্বাস, সমাজের প্রতিটি মানুষ যদি সামান্য করে এগিয়ে আসেন, তবে কোটি কোটি টাকার বিশাল অঙ্কও একদিন সংগ্রহ করা সম্ভব হবে এবং নতুন জীবন ফিরে পেতে পারে ছোট্ট মনশ্রী।এখন একটাই আবেদন—মানবতার খাতিরে সবাই এগিয়ে আসুন। কারণ, একটি ছোট্ট সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে এক নিষ্পাপ শিশুর হাসি এবং বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য জীবন।

বিভাগ

সর্বশেষ খবর