নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসম্প্রতি উত্তর ত্রিপুরা জেলা সফরে এসেছেন ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব। আজকের এই সফরকে কেন্দ্র করে ধর্মনগরে অবস্থিত জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দ্রান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীপক হালদার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ।আলোচনা সভার পরে সাংবাদিকদের ডি এম চাঁদনী চন্দন জানান, যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব জেলার প্রজনন ও শিশু স্বাস্থ্য পরিষেবা এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলির বিস্তারিত পর্যালোচনা করেন। জেলার মাতৃ ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সূচক ও পারফরম্যান্স খতিয়ে দেখার পাশাপাশি, যে ক্ষেত্রগুলিতে উন্নতির প্রয়োজন রয়েছে, তা নিয়ে তিনি প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।তবে স্বাস্থ্য দপ্তরের সার্বিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় যুগ্ম সচিব। বিশেষ করে হাম ও রুবেলা (Measles and Rubella) নজরদারি এবং তা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলি আগামী দিনেও একইভাবে অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ নির্দেশ দিয়েছেন।এই সফরকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য মহলে বিশেষ তৎপরতা পরিলক্ষিত হয়েছে।