নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গত তিন বছরের রোমাঞ্চকর প্রেমের মধুর সমাপ্তি ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বসংগীতের মেগাস্টার টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসে। এ উপলক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কের ঐতিহ্যবাহী ভেন্যু ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেন’-এ বসেছিল তারকাদের চাঁদের হাট। জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই তারকা যুগল একে অপরের হাত ধরেন বলে নিশ্চিত করেছেন সুইফটের জনসংযোগ কর্মকর্তা।শুক্রবার ম্যানহাটনের ঐতিহাসিক এই ক্রীড়া ও বিনোদন কেন্দ্রের বাইরের জায়ান্ট স্ক্রিনগুলোতে ভেসে ওঠে একটি বার্তা— ‘জাস্ট ম্যারিড’। এরপর ইমেইলের মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গায়িকার প্রতিনিধি নিশ্চিত করেন যে, ১৪ বার গ্র্যামিজয়ী এই গায়িকা এবং কানসাস সিটি চিফসের তারকা ফুটবলার ট্রাভিস কেলসে আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবন শুরু করেছেন। সুইফটের জনসংযোগ কর্মকর্তার দেওয়া বিবৃতিটির শিরোনাম ছিল, ‘টেইলর সুইফট অ্যান্ড ট্রাভিস কেলসে আর ম্যারিড!’। এই তারকা দম্পতির ঘনিষ্ঠ বন্ধু এবং জনপ্রিয় মার্কিন কমেডিয়ান অ্যাডাম স্যান্ডলার বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন। বিয়েতে কনের পক্ষে ‘ম্যান অব অনার’ হিসেবে দায়িত্ব পালন করেন টেইলরের ভাই অস্টিন সুইফট। অন্যদিকে, বরের পক্ষে ‘বেস্ট ম্যান’ ছিলেন ট্রাভিসের ভাই ও সাবেক ফুটবল তারকা জেসন কেলসে। বিয়ের এই বিশেষ মূহূর্তে বর-কনে দুজনের পোশাকই ডিজাইন করেছে বিশ্বখ্যাত ফ্যাশন হাউস ‘ক্রিশ্চিয়ান ডিয়র’ এবং সুইফটের অলংকার ছিল লাক্সারি ব্র্যান্ড ‘কারটিয়ের’-এর।