নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবিশুদ্ধ পানীয় জলের সংকটের প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ ধর্মনগর-সাখাইবাড়ি সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। ধর্মনগর মহকুমার সরকারি গ্রাম এলাকার একাধিক অংশ এবং ১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সঠিক পরিমাণে বিশুদ্ধ পানীয় জল না পাওয়ার অভিযোগ তুলে এই বিক্ষোভ ও পথ অবরোধের কর্মসূচি পালন করা হয়।অবরোধের ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং জনস্বাস্থ্য কারিগরি (ডিডাব্লিউএস) দপ্তরের আধিকারিকরা। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন।আলোচনার পর ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকরা আশ্বাস দেন, আগামী ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে ট্যাঙ্কার বা গাড়ির মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহ করা হবে বলেও জানান তারা।এই আশ্বাসের পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল।এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য। তিনি বলেন, সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। দ্রুত সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে কংগ্রেস।