নিউস ত্রিপুরা প্রতিনিধিঃজন্মদিনে কেক নয়, মানবতার উপহার— ৪৩তম জন্মদিনে রক্তদানের মহতী উদ্যোগ সমাজসেবী শ্যামল কান্তি পালের। বুধবার কমলপুর মহকুমার বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের ব্লাড ব্যাংকে বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী শ্যামল কান্তি পালের ৪৩তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় এক মহতী স্বেচ্ছা রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব, দুর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সমাজসেবী এবং বহু স্বেচ্ছাসেবক। উপস্থিত অতিথিরা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী শ্যামল কান্তি পাল জানান, ২০১৯ সাল থেকেই তিনি নিজের জন্মদিনকে ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নেন। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয়, বরং মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে প্রতি বছর স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন তিনি। তাঁর মতে, "এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে। তাই জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ হলো মানুষের পাশে দাঁড়ানো।"উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, এমন মানবিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সমাজে স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।