টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে খোয়াই নদী,     তেলিয়ামুড়ার একাধিক ওয়ার্ডে বাড়িঘরে জল, খোলা হলো ৭টি শরণার্থী শিবির

Jul 08, 2026

টানা বৃষ্টিতে ফুলেফেঁপে উঠেছে খোয়াই নদী, তেলিয়ামুড়ার একাধিক ওয়ার্ডে বাড়িঘরে জল, খোলা হলো ৭টি শরণার্থী শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃটানা দু-তিন দিনের প্রবল বর্ষণে ফুলেফেঁপে উঠেছে খোয়াই নদীর জল। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় তেলিয়ামুড়া পুরপরিষদ এলাকার নদীতীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জল ঢুকে পড়েছে একাধিক পরিবারের বসতঘরে। ফলে বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।জানা গেছে, তেলিয়ামুড়া পুরপরিষদের ৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকা, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দশমী ঘাট এলাকা এবং ৯ নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকাসহ গ্রাম পঞ্চায়েতের তৃষাবাড়ি,  মোহরছড়া এবং কল্যাণপুরের নদীতীরবর্তী বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি পরিবারের বসতঘরে ইতোমধ্যেই জল প্রবেশ করেছে। অনেকেই প্রয়োজনীয় আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত রয়েছেন।পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।অন্যদিকে, তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দল এবং অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তেলিয়ামুড়া পুরপরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ইতোমধ্যেই পুরপরিষদ এলাকায় ৭টি শরণার্থী শিবির খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যাদুর্গত মানুষের জন্য মোহরছড়া স্কুলেও একটি শরণার্থী শিবির চালু করা হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সেখানে স্থানান্তর করা হবে এবং তাদের জন্য খাবার, বিশুদ্ধ পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার চালিয়ে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে প্রশাসন।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই খোয়াই নদীর জলস্তর আরও বৃদ্ধি পেলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনও সর্বাত্মক প্রস্তুতি নিয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে।

বিভাগ