বিবর্তনঃ-
বন্যা পরিস্থিতির মধ্যে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে কৈলাসহরে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার-এর মহকুমা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।মনু নদী ও লক্ষীছড়ার জলস্তর বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় জলবন্দি মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে। অভিযোগ, রাতের সময় একাধিক শিবিরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েন আশ্রিত পরিবারগুলি। এই বিষয়কে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে রাত সাড়ে দশটা নাগাদ একদল যুবক সাই কম্পিউটার অফিসে গিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
সাই কম্পিউটারের প্রজেক্ট ম্যানেজার রবীন্দ্র কুমার জানান, যুবকরা অফিসে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। তবে অফিসে থাকা গোপন সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরকারীদের ছবি ধরা পড়েছে বলে দাবি করেছে সংস্থাটি।সাই কম্পিউটার কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছে তারা।ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিদ্যুৎ পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ থাকলেও আইন হাতে তুলে নিয়ে ভাঙচুরের ঘটনাকে সমর্থন করা যায় না বলে মত প্রকাশ করেছেন অনেকেই।