নিউস ত্রিপুরা প্রতিনিধিঃগত দুই দিন ধরে মৌসুমী বায়ু প্রবাহের সক্রিয়তার কারণে পশ্চিম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘন্টায় পশ্চিম জেলায় সর্বাধিক ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।বৃষ্টিপাতের ফলে কাটাখালের জলস্তর বৃদ্ধি পাচ্ছে ।ভারী বর্ষণ এবং জলস্তর বৃদ্ধি পাওয়ায় কাঁটাখালের বাঁধের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। দুর্গা চৌমুহনী থেকে প্রগতি স্কুল পর্যন্ত বাঁধের এই অংশের একাধিক স্থানে ভূমিধস ঘটছে ।এই অবস্থায় সংশ্লিষ্ট বাঁধের উপর দিয়ে যানবাহন এবং মানুষজনদের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাঁধের ভূমি ধসের এলাকায় বালির বস্তা ফেলে প্রাথমিকভাবে মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।গোটা বিষয়টির পর্যবেক্ষণে রয়েছেন পশ্চিম জেলার জেলা প্রশাসনের এক আধিকারিক। এদিন জেলা প্রশাসনের আধিকারিক জানান ,জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাঁধ দিয়ে মানুষজন এবং যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।প্রবল বর্ষণের দরুন সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে ভূমিধস দেখা দিচ্ছে বলে জানান তিনি।কাটাখালের বাঁধ সুরক্ষায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করলেও বিষয়টি নিয়ে বাঁধের দক্ষিণ অংশের বসবাসকারী জনসাধারণের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।