নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ১৩ জুলাই দক্ষিণ ত্রিপুরার সাতচাঁদ ব্লকের অন্তর্গত রাজীবনগরে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল সরকারি ধান ক্রয় কর্মসূচি। সাতচাঁদ এগ্রি সাব-ডিভিশন, পোয়াংবাড়ি এগ্রি সাব-ডিভিশন এবং রুপাইছড়ি এগ্রি সাব-ডিভিশনের কৃষকদের কাছ থেকে মোট ১,০০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে কৃষি দপ্তর।সোমবার এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, সাতচাঁদ এগ্রি সাব-ডিভিশনের সুপারিনটেনডেন্ট মনোহর দাসসহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তাদের আর্থিক সুরক্ষা জোরদার করতেই সরকারের এই উদ্যোগ। তাঁরা সরকারের কৃষকবান্ধব নীতির প্রশংসা করেন এবং জানান, এ ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। ধান ক্রয় প্রক্রিয়াও সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ৫০০ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য কৃষকদের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ২১ জুলাই পর্যন্ত, অর্থাৎ টানা নয় দিন এই ধান সংগ্রহ কার্যক্রম চলবে।সরকারি উদ্যোগে ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পেয়ে এলাকায় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁদের আশা, এই উদ্যোগ কৃষকদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে কৃষিকাজে আরও উৎসাহ জোগাবে।