১০ বছরেও জোটেনি সংস্কার! দক্ষিণ মানিকভাণ্ডারের ভুবনছড়া–দুরাইছড়া সড়কের বেহাল দশায় ক্ষোভে ফুঁসছেন হাজারো গ্রামবাসী

Jul 14, 2026

১০ বছরেও জোটেনি সংস্কার! দক্ষিণ মানিকভাণ্ডারের ভুবনছড়া–দুরাইছড়া সড়কের বেহাল দশায় ক্ষোভে ফুঁসছেন হাজারো গ্রামবাসী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃকমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন ভুবনছড়া শীল পাড়া থেকে দুরাইছড়া হয়ে ভুবনছড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য।গ্রামবাসীদের অভিযোগ, প্রায় এক দশক ধরে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত, ভাঙাচোরা অংশ এবং কাদায় ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদাময় হয়ে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।স্থানীয়দের দাবি, একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়ে লিখিত ও মৌখিকভাবে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবারই আশ্বাস মিললেও বাস্তবে রাস্তার উন্নয়নের কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ।জানা গেছে, এই সড়কের ওপর নির্ভরশীল প্রায় এক হাজার পরিবারের বসবাস।  এছাড়াও ভুবনছড়া উচ্চ বিদ্যালয়  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,   কৃষিজমি ও আশপাশের গ্রামের মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। ফলে রাস্তার দুরবস্থার কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "দীর্ঘ ১০ বছর ধরে শুধু আশ্বাসই শুনে আসছি। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি—অতিসত্বর এই গুরুত্বপূর্ণ সড়কটির পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন।"এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ লাঘবে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর কবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

বিভাগ

সর্বশেষ খবর