নিউস ত্রিপুরা প্রতিনিধিঃভেনেজুয়েলার শিক্ষা খাত পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপসম্রাজ্ঞী শাকিরা। গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর এ আহ্বান জানান তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী। সেই ভিডিওবার্তায় ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ ক্যাম্পেইনের পক্ষে এ বৈশ্বিক সংহতির ডাক দেন তিনি। পপসম্রাজ্ঞী শাকিরার পাশাপাশি প্রভাবশালী অনেক ব্যক্তিত্ব এ প্রচারে যুক্ত হয়েছেন। মার্কিন সংগীতশিল্পী চার্লি পুত, শেফ মার্কাস স্যামুয়েলসন, ভেনেজুয়েলান গায়ক ড্যানি ওশান, জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকাইন্ডে হিচিলেমা, জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল আমিনা মোহাম্মদ এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীও ভিডিওবার্তার মাধ্যমে বিশ্ববাসীকে এই মহৎ উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।সামাজিক মাধ্যমে সেই ভিডিওবার্তা শাকিরা বলেন, ইতোমধ্যে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে আমাদের আরও অনেক দেশকে পাশে দরকার। এবার ফুটবলবিশ্বের অন্যতম শীর্ষ দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানির পালা। আপনারাও এগিয়ে আসুন— যাতে ভেনেজুয়েলাসহ বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত শিশুরা নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে।উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের লিগ্যাসি বা উত্তরাধিকার ধরে রাখার অংশ হিসেবে বিশ্বব্যাপী শিক্ষা সহায়তায় ১০০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। সেখানেই ভিডিওবার্তায় শাকিরা জানান, শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলার ৪৩০টির বেশি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে আগামী সেপ্টেম্বর মাসে স্কুল খোলার পর হাজার হাজার শিশুর ক্লাশরুমে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এই সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্কুল পুনর্গঠন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কেনার জন্য দ্রুত তহবিল প্রয়োজন। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এ তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ৫ লাখ ডলার ভেনেজুয়েলার স্থানীয় ও আন্তর্জাতিক শিক্ষা সংস্থাগুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে।