নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ স্বগননা ২০২৬-কে সামনে রেখে ত্রিপুরায় ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সেলফ এনিউমারেশন (Self Enumeration) কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে রাজ্যের নাগরিকরা অনলাইনের মাধ্যমে নিজেরা এবং নিজেদের পরিবারের তথ্য নিবন্ধন করতে পারবেন। বুধবার ঊনকোটি জেলা শাসক ও সমাহর্তা মেঘা জৈন (আইএএস)-এর উদ্যোগে জেলা শাসকের কার্যালয়ের কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।সাংবাদিক সম্মেলনে শ্রীমতী জৈন জানান, এবার প্রথমবারের মতো স্বগননা ডিজিটাল মাধ্যমে স্বয়ং তথ্য নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। নাগরিকদের sc.census.gov.in ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইল নম্বর ও OTP-এর মাধ্যমে লগইন করতে হবে। এরপর পরিবারের প্রধানের তথ্য, সম্পূর্ণ ঠিকানা, এলাকার নাম, মানচিত্রে বাড়ির সঠিক অবস্থান এবং পরিবারের বিভিন্ন তথ্য ও গৃহস্থালির সম্পদের বিবরণ ধাপে ধাপে পূরণ করতে হবে।সমস্ত তথ্য সফলভাবে জমা দেওয়ার পর একটি ১১ সংখ্যার Enumeration ID প্রদান করা হবে। এই আইডি সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে সরকারি গণনাকারী (Enumerator) বাড়িতে এলে সেই আইডি প্রদর্শনের মাধ্যমে স্বগননা প্রক্রিয়া সম্পন্ন হবে। সারা দেশে ইতোমধ্যে ৯২ লক্ষেরও বেশি মানুষ স্বেচ্ছায় সেলফ এনিউমারেশন সম্পন্ন করেছেন। তিনি ঊনকোটি জেলা-সহ ত্রিপুরার সকল নাগরিককে ১৭ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে এই সুযোগ গ্রহণ করে স্বগননা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। সঠিক ও নির্ভুল স্বগননা তথ্য ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনা, সরকারি পরিষেবা এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রত্যেক নাগরিকের দায়িত্ব নির্ধারিত সময়ের মধ্যে সেলফ এনিউমারেশন সম্পন্ন করে এই জাতীয় কর্মসূচিকে সফল করে তোলা।