নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে কদমতলা বাজারে অবস্থিত 'বাসুদেব জুয়েলারী' নামের একটি দোকানে চোরের দল হানা দেয়। অভিযোগ, দোকানের উপরের টিনের চাল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে চোরেরা লক্ষাধিক টাকার সোনা-রুপোর অলংকার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ দোকান খুলতে এসে দোকানের মালিক বরুণ কান্তি নাথ চুরির বিষয়টি প্রথম দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কদমতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দোকান মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ গ্রহণ করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগেও একই দোকানে চুরির চেষ্টা করা হয়েছিল। সে সময় দোকান মালিক সিসিটিভি ফুটেজ সহ কদমতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে অভিযোগ, সেই ঘটনার এখনও কোনো সুরাহা হয়নি। এছাড়া একই গলিতে অবস্থিত আরও একটি জুয়েলারি দোকানেও কয়েক মাস আগে চুরির ঘটনা ঘটেছিল, যারও এখন পর্যন্ত কোনো কিনারা হয়নি বলে স্থানীয় ব্যবসায়ীদের দাবি।পরপর চুরির ঘটনায় কদমতলা বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। তাঁদের দাবি, বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক এবং দ্রুত চুরির ঘটনার রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেপ্তার করা হোক।এদিকে, কদমতলা থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।