নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ “আজ একটি গাছ লাগানো মানে, আগামী প্রজন্মের জন্য একটি নির্মল পৃথিবী উপহার দেওয়া।”এই চিরন্তন বার্তাকে হৃদয়ে ধারণ করেই আজ দুর্গাচৌমুহনী আর.ডি. ব্লকের অন্তর্গত মহাবীর পঞ্চায়েত এলাকায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ ‘বৃক্ষবন্ধনা পার্বণ’।দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধির উদ্যোগে এবং স্পেকট্রাম ফাউন্ডেশন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাস্তার দু'পাশ জুড়ে ৩০০টি বৃক্ষচারা রোপণ করা হয়। প্রতিটি চারা যেন শুধু একটি গাছ নয়—এটি একটি সবুজ স্বপ্ন, একটি নির্মল ভবিষ্যতের প্রতিশ্রুতি, প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসার নিঃশব্দ প্রকাশ।এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোধি, দুর্গাচৌমুহনী ব্লকের বিডিও নারায়ণ দেবনাথ, প্রশাসনের বিভিন্ন আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার অসংখ্য পরিবেশপ্রেমী মানুষ।