ভর সন্ধ্যায় দুঃসাহসিক  চুরি ,চাঞ্চল্য রাজধানীর লিচু বাগান এলাকায়

Jul 17, 2026

ভর সন্ধ্যায় দুঃসাহসিক চুরি ,চাঞ্চল্য রাজধানীর লিচু বাগান এলাকায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃআবার রাজধানীতে দুঃসাহসিক চুরির ঘটনা। এবারের ঘটনা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ।ঘটনা  রাজধানীর হাইকোর্ট লেনের লিচুবাগানস্হিত সাহা পাড়া এলাকায়। এই এলাকাতেই বসবাস জীবন বণিকের ।বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ বাড়ির সকলকে নিয়ে শহরে রথ দেখতে এসেছিলেন তিনি। ঘরে কেউ ছিলনা ।সন্ধ্যা আটটার মধ্যেই রথ দেখে বাড়ি ফেরেন তারা ।প্রথমে জীবন বণিকের ছেলে বাইক নিয়ে বাড়িতে এসে দেখতে পান বাড়ির প্রতিটি দরজা ভাঙ্গা। ভেতরের জিনিসপত্র এলোমেলো। সাথে সাথে তিনি তার বাবা  কে খবর দেন ।এরই মধ্যে বাড়িতে ছুটে আসেন জীবন বণিক ও অন্যান্যরা। চার ঘণ্টার মধ্যে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় পরিবারের সকলেই তাজ্জব বনে যান ।খবর পেয়ে বাড়িতে ছুটে আসে এনসিসি থানার পুলিশ। চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করে বাড়ির মালিক জীবন বণিক জানান, তার আলমিরাতে ১০ হাজার টাকা ছিল ।চোরের দল আলমারি ভেঙ্গে সেই টাকা নিয়ে যায় ।তিনি জানান, একমাস আগে তার বাড়ি থেকেই রাতের আঁধারে চোরের দল ১২ কেজি রড চুরি করে নিয়ে যায় ।এদিন বাড়ির মালিক জীবন বণিক জানান, পাশের স্কুলের পেছনে একটি বটগাছ রয়েছে। এই গাছের তলায় বেশ কিছু অপরিচিত যুবকের আড্ডা লেগে থাকে ।এরা নেশা দ্রব্য সেবন করে ।চুরি কাণ্ড ঘিরে এই যুবকদের প্রতি সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।এই ধরনের চুরির ঘটনায় লিচুবাগান সাহা পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।