নিজের দায়িত্ববোধ থেকে  রাস্তা সংস্কারে   টোটো চালক

Jul 17, 2026

নিজের দায়িত্ববোধ থেকে রাস্তা সংস্কারে টোটো চালক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃএযেন এক ব্যতিক্রমী গল্প। যেখানে উন্নয়নের নানা দাবি ও প্রতিশ্রুতির ভিড়ে সাধারণ মানুষের দুর্ভোগ অনেক সময় চাপা পড়ে যায়, সেখানে এক দরিদ্র টোটো চালক নিজের দায়িত্ববোধ থেকেই হাতে তুলে নিলেন রাস্তা সংস্কারের কাজ।আগরতলার খয়েরপুরের বাসিন্দা জয়দ্বীপ ঘোষ। বর্তমানে কর্মসূত্রে কুমারঘাটে বসবাস তার। প্রতিদিন টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সেই কাজের সূত্রেই প্রতিনিয়ত তাকে চলাচল করতে হয় আসাম-আগরতলা জাতীয় সড়ক সহ কুমারঘাট মহকুমার বিভিন্ন রাস্তায়। আর প্রতিদিন চোখের সামনে দেখতে হয় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পরিনত হ‌ওয়া ভাঙাচোরা রাস্তার কারণে মানুষের দুর্ভোগ, যানবাহনের ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনার ঝুঁকি।আর এসব রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই বর্তমান জোট সরকারের বলে অভিযোগ। অবশেষে সরকারের আশায় বসে না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী উদ্যোগ নিলেন তিনি। টোটো চালিয়ে প্রতিদিন যা অর্থ রোজগার হয় তার থেকে কিছু টাকা দিয়ে ইট কিনে আনেন তিনি। আবার নিজের টোটোতেই সেই ইট বহন করে রাস্তার বিভিন্ন গর্তে ফেলে প্রতিনিয়ত গর্ত ভরাট করে চলেছেন তিনি। শুধু ইট ফেলা‌ই নয়, কোদাল হাতে নিয়ে রাস্তার পাশে বিভিন্ন ড্রেন সংস্কার থেকে গর্তে ইট ভেঙে চলাচলের উপযোগী করে তোলেন রাস্তা। এবিষয়ে টোটো চালক জয়দ্বীপ ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই এসব রাস্তা ভাঙ্গা থাকার ফলে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। তার জন্যই নিজের টাকায় ইট কিনে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন তিনি। তার জন্য সরকার থেকে মেলেনি তার কোন সাহায্য। তিনি বলেন, প্রতিদিন টোটো চালিয়ে যা রোজগার হয় তার থেকে কিছু টাকা বাঁচিয়ে এই রাস্তা সংস্কারের কাজে লাগাচ্ছেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, একজন টোটো চালক হয়ে যদি তিনি রাস্তা মেরামত করতে পারেন তাহলে রাজ্যের মন্ত্রী বিধায়করা তা পারবেননা কেন? সাধারণ মানুষের চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্যই তার এই উদ্যোগ বলে জানালেন তিনি। আগামী দিনেও তার এই প্রয়াস জারি থাকবে বলে জানিয়েছেন জয়দ্বীপ ঘোষ নামে ঐ টোটো চালক।   কুমারঘাট, ফটিকরায় সহ মহকুমার বিভিন্ন এলাকায় এখন প্রায়ই দেখা যায় তার নজিরবিহীন সামাজিক কাজের এই দৃশ্য। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ নাগরিক থেকে যান চালকরা। জয়দ্বীপের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে কুমারঘাটের কৃপাময় দাস নামে এক টোটো চালক বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তায় বড় বড় গর্তের জন্য চলাচলে অনেক সমস্যায় পড়তে হতো তাদেরকে। যে রাস্তা সংস্কারের কথা ছিল সরকারের সেই রাস্তা এখন সংস্কার করে দিয়েছে সাধারণ একজন টোটো চালক। সরকার রাস্তা সংস্কার না করাতেই নিজের উদ্যোগে রাস্তার মেরামত করতে হচ্ছে টোটো চালককে।