নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
প্রয়োজনে পূর্ত দপ্তরের ব্যবহৃত সরঞ্জাম নিয়ে সময়ের কাজ সময়ে শেষ করার জন্য স্মার্ট সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং কভার ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি।
স্মার্ট সিটি কর্তৃপক্ষের কাজকর্ম নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির কামান দাগার পর শুক্রবার স্মার্ট সিটির কাজ দেখতে রাজপথে বের হলেন মুখ্যমন্ত্রী ।মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত ,রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে ,আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের আধিকারিকসহ অন্যান্য আধিকারিকরা । এদিন নগর পরিক্রমায় বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তের কভার ড্রেনগুলির অবস্থা নিয়ে কিছুটা বিরক্ত প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ।তিনি লক্ষ্য করেন কোথাও কোথাও কভার ড্রেনের কাজ অসম্পূর্ণ করে রাখা হয়েছে ।এতে জনসাধারণের চলাফেরায় বাধা বিপত্তি ঘটছে। বিপদ সংকুল এই বিষয়গুলি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । এদিন শহরের রাস্তাঘাটের অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী জানান ,নির্মাণ কাজে রাজ্যের প্রকৃতি একটা বিরাট সমস্যা। বৃষ্টির জন্য প্রায় চার মাস কোন কাজ করা যায় না। তারপরও স্মার্ট সিটির আধিকারিকদের বলা হয়েছে প্রয়োজনে পূর্ত দপ্তরের যন্ত্রপাতি ব্যবহার করে সময়ের কাজ সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য। নির্মান কাজে ম্যান পাওয়ার বৃদ্ধির নির্দেশও দেন মুখ্যমন্ত্রী ।যদিও মুখ্যমন্ত্রী জানিন,সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ আশ্বস প্রদান করেছেন ।
উল্লেখ্য শহরের বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা অতীব করুন ।পথ চলা এক প্রকার দায় হয়ে উঠেছে নগরবাসীর । বিভিন্ন স্থানে দেখা গেছে, রাস্তায় জমা বৃষ্টির জল ড্রেনে প্রবেশ না করে ড্রেন থেকে রাস্তায় জল নির্গত হচ্ছে। বিষয়গুলি নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ শহরবাসী ।এদিকে শহরের বেহালদশা নিয়ে সাংবাদিক সম্মেলনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব অনুধাবন করেই শনিবার মুখ্যমন্ত্রী শহরের রাজপথ পরিদর্শনে বেরিয়েছেন বলে বিভিন্ন মহলের অভিমত।