নিউস ত্রিপুরা প্রতিনিধিঃদিল্লিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের ‘নির্মমতা’ এবং পরীক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার বিরোধী সাংসদদের সঙ্গে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার পর তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করে এই দাবি জানান।সামাজিক মাধ্যমের পোস্টে রাহুল গান্ধী বলেন, গতকাল ছাত্রদের উপর যে ‘নির্মমতা’ চালানো হয়েছে এবং পরীক্ষা সংকট নিয়ে সরকারের যে জবাবদিহির অভাব রয়েছে, তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তাঁর অভিযোগ, নিজেদের ভবিষ্যৎ নিয়ে বৈধ প্রশ্ন তোলার জন্যই ছাত্রদের মারধরের মুখে পড়তে হয়েছে।তিনি প্রশ্ন তোলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যদি সংসদে আলোচনা করা না যায়, তবে সংসদের প্রয়োজন কী? রাহুল গান্ধীর দাবি, এই বিষয়টি চাপা পড়তে দেওয়া হবে না। ছাত্রদের কণ্ঠস্বর যেমন রাস্তায় শোনা গিয়েছে, তেমনই সংসদের ভিতরেও তা তুলে ধরা হবে বলে তিনি জানান।