‘গণতন্ত্রে বিতর্কের সুযোগ না থাকলে আমরা কোথায় যাব?’— সংসদে মাইক বন্ধের অভিযোগ খাড়গের

Jul 21, 2026

‘গণতন্ত্রে বিতর্কের সুযোগ না থাকলে আমরা কোথায় যাব?’— সংসদে মাইক বন্ধের অভিযোগ খাড়গের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ মিছিল ঘিরে সোমবারের পুলিশি পদক্ষেপ নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেও কথা বলতে না দেওয়ার অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, বিষয়টি উত্থাপনের সময় তিনি কথা বলা শুরু করতেই মাইক বন্ধ করে দেওয়া হয়।সাংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেন, সংসদে অন্যায়, নিপীড়ন এবং চাপ সৃষ্টি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য তাঁরা সময় চেয়েছিলেন। কিন্তু তিনি কথা বলা শুরু করতেই মাইক বন্ধ করে দেওয়া হয়। তাঁর প্রশ্ন, ‘‘এটাই কি গণতন্ত্র? গণতন্ত্রে যদি বিতর্কের সুযোগ না থাকে, আমাদের কথা যদি শুনতেই না চান, তাহলে আমরা কোথায় যাব?’’তিনি আরও বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কী আলোচনা হয়েছে এবং দলের অভ্যন্তরীণ বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানাও গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলিতে আলোচনা এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি চেয়েছিলেন তাঁরা। খাড়গের দাবি, সংসদের বিভিন্ন দলের ফ্লোর লিডারদের এ বিষয়ে বক্তব্য রাখার সুযোগ দেওয়া উচিত ছিল।কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, সরকার গণতন্ত্রকে দুর্বল করে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করছে। তাঁর কথায়, ‘‘৬০ বছরের রাজনৈতিক জীবনে আমি এমন পরিস্থিতি আগে কখনও দেখিনি।’’ তিনি আরও দাবি করেন, দেশ অরাজকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছেন না, এমনকি সংসদে এ বিষয়ে কথা বলতেও চাইছেন না। এই মনোভাবের তীব্র নিন্দা করেন মল্লিকার্জুন খাড়গে।

বিভাগ