যন্তর মন্তরের ক্ষুদ্র সংস্করণ ! ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে  সার্কিট হাউজ এলাকায় দ্বিতীয় দিনও বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা

Jul 21, 2026

যন্তর মন্তরের ক্ষুদ্র সংস্করণ ! ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সার্কিট হাউজ এলাকায় দ্বিতীয় দিনও বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসোমবারের মতো মঙ্গলবারও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সোনম ওয়াংচুক ইসুতে আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করলো একদল ছাত্রছাত্রী। উপস্থিত ছাত্রছাত্রীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে স্লোগান তোলেন এবং অন্যান্য ইস্যু নিয়ে সরব হন ।তাদের সাথে কোন নেতৃবৃন্দের উপস্থিতি এদিনও লক্ষ্য করা যায়নি ।প্রতিবাদী মেজাজেই সংশ্লিষ্ট স্থানে জড়ো হন টিন এজ ছাত্রছাত্রীরা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে তোলা তাদের স্লোগানে অনেক পথচারীদেরই দৃষ্টি আকর্ষিত হয় ।অনেক অটো যাত্রীদের হাত নাড়িয়ে প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানাতেও দেখা যায় এদিন।।দ্বিতীয় দিনের এই বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে এক ছাত্র জানান ,তারা কোন রাজনৈতিক প্লাটফর্ম থেকে এই আন্দোলন সংঘটিত করছেন না ।আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক। সোমবার তাদের এই প্রতিবাদ স্থলে দুই মিনিটের জন্য এসেছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। তিনি তাদের সাথে কথা বলেই চলে যান ।এই নিয়ে বিভিন্ন মহল থেকে আন্দোলন সিপিআইএম ফান্ডেড বলে প্রচার করা হচ্ছে ।এর তীব্র নিন্দা জানান তিনি ।এদিন ছাত্রটি আরো জানান, প্রতিবাদ স্থলে ৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছেন ।কিন্তু আমাদের দমাতেই এক বাস ভর্তি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে ।তাদের হাতে রয়েছে কাঁদানে গ্যাসের সেল ।এই ব্যবস্থাপনা অগণতান্ত্রিক বলে অভিহিত করে তির প্রশ্ন ,৫০ জনকে দমাতে যখন এই অবস্থা তখন হাজারো ছাত্রছাত্রী সমাবেশ স্হলে জড়ো হলে প্রশাসন কি দিল্লির যন্তর মন্তরের মত লাঠিপেটা করবে ?এটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা হতে পারেনা বলে জানান তিনি। তিনি আরো বলেন, গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে।এদিকে এই ছাত্র-ছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গেছে বলে জানা গেলেও ছাত্র-ছাত্রীরা এতে বিচলিত বলে মনে হলো না। বরং তাদের এই কর্মসূচি কে কেন্দ্র করে সার্কিট হাউস সংলগ্ন এলাকা ক্রমশই দিল্লির যন্তর মন্তরের ক্ষুদ্র সংস্করণ হয় উঠছে,এমনই ইঙ্গিত পাওয়া গেল।

বিভাগ