নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমেক্সিকান ফুটবলের কিংবদন্তি গোলরক্ষক গুইলেরমো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সি এই তারকা।গত সপ্তাহেই ৪১ বছরে পা রাখা ওচোয়া ২০২৬ বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, এটাই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। এরপর নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত অবসরের সিদ্ধান্তই নিলেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওচোয়া বলেন, আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখলাম।গোলরক্ষক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, গোলরক্ষক হওয়া মানে হলো জানা যে, এমন একটি মুহূর্তের জন্য হয়তো ৯০ মিনিট অপেক্ষা করতে হবে, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে কোনো দ্বিধার সুযোগ থাকে না।মেক্সিকোর হয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলেছেন ওচোয়া। এই কীর্তি রয়েছে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মতো ফুটবল মহাতারকাদেরও। ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ছিলেন মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক।২০০৪ সালের ফেব্রুয়ারিতে ক্লাব আমেরিকার হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় ওচোয়ার। সেখানে সাত মৌসুম কাটানোর পর ২০১১ সালে ফরাসি ক্লাব আজাসিওতে যোগ দেন। মেক্সিকোয় জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম ইউরোপীয় ক্লাবে পাড়ি জমান।ইউরোপে খেলেছেন মালাগা, গ্রানাডা, স্তান্দার্দ লিয়েজ, সালেরনিতানা, এভিএস ফুটবল ও এইএল লিমাসোলের মতো ক্লাবে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আবারও ক্লাব আমেরিকায় ফিরে খেলেন তিনি।অবসরের ঘোষণায় ওচোয়া লিখেছেন, আমি কখনো ভাবিনি একটি স্বপ্ন আমাকে এত দূর নিয়ে যাবে। আজ শুধু গর্ব নিয়েই পেছনে তাকাতে পারি এবং বলতে পারি—ধন্যবাদ। লাখো মানুষের ভালোবাসা আর মেক্সিকোর হয়ে সর্বোচ্চটা দিতে পারার তৃপ্তি সঙ্গে নিয়েই বিদায় নিচ্ছি।সদ্য সমাপ্ত বিশ্বকাপে রাউল রাঙ্গেলের ব্যাকআপ গোলরক্ষক হিসেবে মেক্সিকো দলে জায়গা পান ওচোয়া। কোচ জাভিয়ের আগুইরে তাকে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে শেষ ১৩ মিনিটের জন্য মাঠে নামান।ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তের জন্ম দেন অভিজ্ঞ এই গোলরক্ষক। যে এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে তার ক্যারিয়ারের শুরু, বিদায়ের দিনে সেই গোলপোস্টে চুমু খান তিনি। এরপর হাঁটু গেড়ে বসে পড়লে সতীর্থরা তাকে জড়িয়ে ধরেন। দর্শকরা স্টেডিয়াম ছাড়ার পরও কিছু সময় মাঠে থেকে সেন্টার সার্কেলে গিয়ে শেষবারের মতো বিদায় জানান ওচোয়া।ক্লাব ফুটবলে ক্লাব আমেরিকার হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি। এছাড়া স্তান্দার্দ লিয়েজের হয়ে জিতেছেন বেলজিয়ান কাপ। আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোকে ছয়টি কনকাকাফ গোল্ড কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিকে দেশকে ব্রোঞ্জ পদকও এনে দেন এই কিংবদন্তি গোলরক্ষক।