ত্রিপুরায় নতুন শ্রমকোড নিয়ে তিন দিনের কর্মশালা শুরু

Jul 22, 2026

ত্রিপুরায় নতুন শ্রমকোড নিয়ে তিন দিনের কর্মশালা শুরু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোড   বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আগরতলার সোনারতরী গেস্ট হাউসে অনুষ্ঠিত এই কর্মশালায় রাজ্যের শ্রম দফতরের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকরা অংশগ্রহণ করছেন।এই কর্মশালায় মিজোরাম, মণিপুর-সহ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য থেকে আগত বিশেষজ্ঞরা নতুন শ্রমকোডের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা করছেন। কর্মশালার মূল উদ্দেশ্য হল শ্রম দফতরের আধিকারিকদের নতুন শ্রম আইন সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং বাস্তব ক্ষেত্রে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।রাজ্য শ্রম দফতরের যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস জানান, নতুন শ্রমকোড সংক্রান্ত এই প্রশিক্ষণের মাধ্যমে আধিকারিকরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। এর ফলে আগামী দিনে শ্রমিকদের স্বার্থরক্ষা, অভিযোগ নিষ্পত্তি এবং শ্রম আইন বাস্তবায়নের ক্ষেত্রে কাজ অনেকটাই সহজ ও কার্যকর হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।তিন দিনব্যাপী এই   কর্মশালায় নতুন শ্রমকোডের বিভিন্ন বিধান, প্রয়োগ পদ্ধতি এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ চলবে।