নোনাছড়া ও কাকরাছড়া এডিসি ভিলেজ পরিদর্শনে এমডিসি উৎপল দেববর্মা, মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস

Jul 22, 2026

নোনাছড়া ও কাকরাছড়া এডিসি ভিলেজ পরিদর্শনে এমডিসি উৎপল দেববর্মা, মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের আশ্বাস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ        তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত অঞ্চলের নোনাছড়া এডিসি ভিলেজ ও কাকরাছড়া এডিসি ভিলেজ পরিদর্শন করলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর সদস্য (এমডিসি) উৎপল দেববর্মা। দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক কাজের দাবি নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তিনি সরেজমিনে এই দুই গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে এমডিসি উৎপল দেববর্মা গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা, যেমন যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের বিষয়গুলি মনোযোগ সহকারে শোনেন। এলাকার সাধারণ মানুষ তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরলে তিনি সংশ্লিষ্ট বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সামগ্রিক উন্নয়নই তাঁদের অন্যতম লক্ষ্য। সেই উদ্দেশ্যেই নিয়মিত বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে, যাতে প্রকৃত সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে প্রশাসনের নজরে আনা যায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।এদিনের পরিদর্শনে এমডিসি উৎপল দেববর্মার সঙ্গে উপস্থিত ছিলেন ২৯ কৃষ্ণপুর এলাকার তিপ্রামথা ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা, তুইমধু সাব-জোনাল চেয়ারম্যানসহ তিপ্রামথা দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।এমডিসির এই সফরকে স্বাগত জানিয়েছেন নোনাছড়া ও কাকরাছড়া এডিসি ভিলেজের বাসিন্দারা। তাঁদের আশা, দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান হলে প্রত্যন্ত এই দুই এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।