গাড়ি কেনার অপরাধে এক মোটর শ্রমিকের কাছে ৫০ হাজার টাকা দাবি ,অনাদায়ে গুলি করে প্রাণনাশের হুমকি ঘিরে চাঞ্চল্য

Jul 28, 2026

গাড়ি কেনার অপরাধে এক মোটর শ্রমিকের কাছে ৫০ হাজার টাকা দাবি ,অনাদায়ে গুলি করে প্রাণনাশের হুমকি ঘিরে চাঞ্চল্য

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন প্রান্তে শাসকদলের কর্মীদের মধ্যে দাদাগিরি এবং মাফিয়া গিরির প্রবণতা ক্রমশই বাড়ছে ।এই অভিযোগ বিভিন্ন মহলের। বিষয়টি শক্ত হাতে দমনে চেষ্টা ও চালিয়েছে ৮ টাউন বরদোয়ালী মন্ডল কমিটি। এরই মধ্যে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রেই ঘটলো একটি চাঞ্চল্যকর ঘটনা। জানা গেছে, তুলসীবতী গাড়ি সিন্ডিকেটের এক মোটর শ্রমিক সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করেন। এই গাড়ি কেনার জন্য শুভঙ্কর কর্মকার নামে এই মোটর শ্রমিকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করে অনুজ দাশগুপ্ত নামে এক বিজেপি কর্মী। মঙ্গলবার বিজেপি কর্মী অনুজ দাশগুপ্ত তুলসীবতী গাড়ি সিন্ডিকেটে যান এবং সংশ্লিষ্ট মোটর শ্রমিক শুভঙ্কর কর্মকারের কাছে ৫০ হাজার টাকা চান ।এই টাকা অবিলম্বে প্রদান করা না হলে তাকে গুলি করে মেরে ফেলা হবে বলেও তনুজ দাশগুপ্ত তাকে হুমকি দেয় বলে অভিযোগ। প্রাণনাশের এই হুমকির ঘটনাকে কেন্দ্র করে তুলসীবতী গাড়ি সিন্ডিকেটের অন্যান্য মোটর শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিন্ডিকেটের পক্ষ থেকে সবাই মিলে বৈঠকে বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার দুপুরে পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়। এদিন পশ্চিম থানায় তুলসীবতী গাড়ি সিন্ডিকেটের পক্ষ থেকে এক কর্মকর্তা এই সংবাদ জানান। উল্লেখ্য গতকালই মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রের 16 নং বুথের এক সদস্য দেবাশীষ সাহা ওরফে বড় কানাই কে দল বিরোধী কার্যকলাপের জন্য বিজেপি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আশা করা হয়েছিল এই ধরনের বহিষ্কারের ঘটনায়  সংগঠনে শৃঙ্খলা বৃদ্ধি পাবে ।কিন্তু এই বহিষ্কারের ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার সকালের তুলসীবতী গাড়ি সিন্ডিকেটে এক মটর শ্রমিককে প্রাণনাশের হুমকির ঘটনা ঘটলো।