একাদশ শ্রেণির ছাত্রীদের হাতে বিনামূল্যে সাইকেল   বিতরণ

Jul 28, 2026

একাদশ শ্রেণির ছাত্রীদের হাতে বিনামূল্যে সাইকেল বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীদের হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার, তেলিয়ামুড়া কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ৩০ জন ছাত্রীর হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য, খোয়াই জেলার সহ-সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক দুলাল দেববর্মা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেন উৎসাহের সহিত। এদিন মোট ৬৭ জন ছাত্রী এই সরকারি প্রকল্পের আওতায় বিনামূল্যে বাইসাইকেল পায়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, বর্তমান রাজ্য সরকার নারী শিক্ষা ও নারী স্বশক্তিকরণের লক্ষ্যে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজতর করা, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি এবং বিদ্যালয়ছুটের হার কমানোর লক্ষ্যেই এই সাইকেল বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি ছাত্রীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে ভবিষ্যতে সমাজ ও রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।বিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, বিনামূল্যে বাইসাইকেল পেয়ে বহু ছাত্রীর বিদ্যালয়ে নিয়মিত যাতায়াত আরও সহজ হবে এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব পড়বে।