প্রিয়াঙ্কার বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি, ক্ষমা চাইতে বললেন রিজিজু

Jul 29, 2026

প্রিয়াঙ্কার বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবি, ক্ষমা চাইতে বললেন রিজিজু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃলোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। প্রিয়াঙ্কার মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি ওই মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার আবেদনও করেন।আলোচনায় অংশ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রধানমন্ত্রী যে নতুন শিক্ষামন্ত্রীকে নিয়োগ করেছেন, তিনি এক গর্ভবতী মহিলাকে ধর্ষণের ঘটনায় দোষীদের মুক্তি নিয়ে সম্মতি জানিয়েছিলেন এবং তাতে সন্তোষও প্রকাশ করেছিলেন।এই মন্তব্যের পরই আপত্তি তোলেন কিরেন রিজিজু। তিনি বলেন, “এ ধরনের বক্তব্য সংসদের ভিতরে একজন ব্যক্তির চরিত্রহননের সামিল। এই ভাষা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। মন্তব্যগুলি কার্যবিবরণী থেকে বাদ দেওয়া উচিত। পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধীর উচিত সংসদের কাছে ক্ষমা চাওয়া।”এর আগে একই আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধী সদ্য পদত্যাগী প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সংসদের মকর দ্বারে বিজেপি সাংসদদের সংবর্ধনা দেওয়া নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ, একদিকে এমন ঘটনায় পরিবারগুলি শোকের মধ্যে রয়েছে, অন্যদিকে পদত্যাগী মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, এর মাধ্যমে সরকার দেশের কোটি কোটি পড়ুয়ার কাছে কী বার্তা দিতে চাইছে। প্রিয়াঙ্কার বক্তব্যের জেরে কিছু সময়ের জন্য লোকসভায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিভাগ