নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক কুঠারীর। মৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ মিয়া ,বয়স আনুমানিক ৫৫ বছর। জানা গেছে গাছ কেটে এবং দিন মজুরের কাজ করেই সংসার চালাতেন আব্দুল মজিদ মিয়া।তার বাড়ি দক্ষিণ চন্দ্রপুর এলাকায় ।এদিন ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকার বাসিন্দা জয়ন্ত ভট্টাচার্যের বাড়িতে একটি গাছ কাটছিলেন এই দিনমজুর। উপর থেকে গাছের একটি ডাল কাটতে গিয়ে অসাবধানতার কারণে ডাল সহ সংলগ্ন একটি ডোবায় পরে যান তিনি। খবর পেয়ে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং গুরুতর আহত আব্দুল মজিদ মিয়াকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। জিবি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর আব্দুল মজিদ মিয়াকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ।এদিন হাসপাতালের চিকিৎসক জানান ,তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃতের মুখে এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে ।দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মৃত আব্দুল মজিদ মিয়ার পরিবারের সদস্যরা ।মৃত্যুর খবর শুনে তারা হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। এদিন মৃত ব্যক্তির এক নিকট আত্মীয় জানান , বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গিয়েছিলেন ,কাজ সেরে বাজার করে বাড়ি ফিরবেন তিনি ।কিন্তু আর জীবিত অবস্থায় দাড়ি ফেলা হলো না ।এই ঘটনায় দক্ষিণ চন্দ্রপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।