আন্তর্জাতিক ব্যাঘ্ৰ দিবসে অসমের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

Jul 30, 2026

আন্তর্জাতিক ব্যাঘ্ৰ দিবসে অসমের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস উপলক্ষ্য অসমে বাঘ সংরক্ষণে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, কঠোর চোরাশিকার-বিরোধী ব্যবস্থা, বন্যপ্রাণীর করিডর সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে রাজ্যে বাঘের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নামেরি টাইগার রিজার্ভে গত কয়েক বছরে বাঘের সংখ্যা চার গুণ বৃদ্ধি পাওয়াকে তিনি সংরক্ষণ কার্যক্রমের অন্যতম বড় সাফল্য বলে উল্লেখ করেছেন।বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কৌশল বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এবং সেই সাফল্যে অসম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বনাঞ্চল ব্যবস্থাপনা, বন্যপ্রাণী সুরক্ষা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে রাজ্য আজ ব্যাঘ্র সংরক্ষণের এক সফল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে।ড. হিমন্তবিশ্ব শর্মা জানান, নামেরি টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা তিন থেকে বেড়ে বর্তমানে ১২-য় পৌঁছেছে, যা সংরক্ষণ প্রচেষ্টার কার্যকারিতার স্পষ্ট প্রমাণ।তিনি আরও বলেন, কাজিরঙা, মানস, ওরাং এবং নামেরি টাইগার রিজার্ভ বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগারের নিরাপদ আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অভয়ারণ্যগুলির সুরক্ষা এবং উন্নয়নের ফলে বাঘের প্রাকৃতিক আবাস আরও শক্তিশালী হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে রাজ্য সরকারের অঙ্গীকার করে মুখ্যমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় শীর্ষ শিকারি রয়্যাল বেঙ্গল টাইগারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যে সরকার যেমন কাজ করে চলেছে, তেমনি সাধারণ মানুষের সহযোগিতাও অপরিহার্য। বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন, বলেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা।