বিষাক্ত শামুক খেয়ে মৃত এক বছরের শিশুকন্যা, শোকের ছায়া মোহনপুরের চন্দ্রমনি সিংড়ায়

Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে মৃত এক বছরের শিশুকন্যা, শোকের ছায়া মোহনপুরের চন্দ্রমনি সিংড়ায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  মঙ্গলবারই প্রথম জন্মবার্ষিকী পালিত হয়েছিল ।গোটা বাড়ি জুড়ে ছিল আনন্দের মেজাজ। এর পরদিন দুপুরেই সব শেষ।বাড়ি থেকে তখনো জন্মদিনের সাজ-সজ্জা গুছানো হয়নি। বুধবার দুপুরে বাড়ির সকলের অজান্তে বিষাক্ত শামুক খেয়ে ফেলে এক বছর একদিনের ছোট্ট এলিজা দেববর্মা। তার বাড়ি সিধাই মোহনপুরের চন্দ্রমনি পাড়া এলাকায়। ঘটনার সময় তার মা সবেমাত্র তাকে স্নান করিয়ে নিজে স্নান করতে গিয়েছিলেন। বৃষ্টির কারনে পাশের ঝোঁপঝার থেকে বিষাক্ত শামুক চলে এসেছিল ঘড়ে।দেয়াল বেয়ে উপরে উঠছিল শামুক গুলি। বিষয়টি যে এতটা মারাত্বক হতে পারে তা কল্পনাও করতে পারেনি বাড়ির লোকজনরা।  বিষাক্ত শামুক গিলে ফেলার কিছুক্ষণ পরই ঢেকুর দিতে শুরু করে ছোট্ট এলিজা। এরই মধ্যে স্নান সেরে এলিজাকে ভাত খাওয়াতে নিয়ে যান তার মা। সেই সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে এলিজা। সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জিবি হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে এক বছর একদিনের ছোট্ট এলিজা দেববর্মা। আদরের শিশুকন্যার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় যেন আকাশ ভেঙ্গে পড়ে তার মা-বাবার উপর ।বৃহস্পতিবার নিয়ম মেনে মৃত এলিজা দেববর্মার দেহের ময়না তদন্ত করানো হয় ।এদিন জিবি হাসপাতালের মর্গের সামনে এলিজার শোকাহত পিতা এই কথা জানান। বৃহস্পতিবার ময়না তদন্তের পর এলিজার নিথর দেহ শিখাই মোহনপুরের চন্দ্রমণিপাড়ার নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় ।সেখানে রীতিমত কান্নার রোল পড়ে যায় এলাকাবাসীর। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।