নিজের জন্য নয়, সমাজের জন্য”—মানবসেবার অঙ্গীকারে কমলপুরে NSS - এর ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা

Jul 30, 2026

নিজের জন্য নয়, সমাজের জন্য”—মানবসেবার অঙ্গীকারে কমলপুরে NSS - এর ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বইয়ের পাতায় শুধু শিক্ষার আলো নয়, মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা, সমাজের জন্য কিছু করার অঙ্গীকার এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন—এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করেই এগিয়ে চলেছে জাতীয় সেবা প্রকল্প বা NSS। আর সেই মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে আজ কমলপুর পিএম শ্রী কে.সি গার্লস উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় NSS-এর ৭ দিনব্যাপী বিশেষ শিবিরের।আজ থেকে শুরু হওয়া এই বিশেষ শিবির আগামী সাত দিন ধরে চলবে। সমাজের প্রতি দায়বদ্ধতা, মানবসেবা এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরতেই এই শিবিরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, কমলপুর প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা দাস সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং NSS-এর স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা।আগামী সাত দিন ধরে এই বিশেষ শিবিরে সমাজসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে।