চা শ্রমিকদের মজুরি ১০৫ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা, আবাসনের জন্য জমি দেওয়ার উদ্যোগ সরকারের: অভিষেক দেবরায়

Aug 02, 2026

চা শ্রমিকদের মজুরি ১০৫ টাকা থেকে বেড়ে ২০৪ টাকা, আবাসনের জন্য জমি দেওয়ার উদ্যোগ সরকারের: অভিষেক দেবরায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  উত্তর ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কদমতলা-কুর্তি মণ্ডল এলাকার রানীবাড়ি চা বাগানের দুর্গা মণ্ডপে রবিবার টি সেলের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একসময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ১০৫ টাকা। বর্তমান বিজেপি সরকারের আমলে সেই মজুরি বৃদ্ধি পেয়ে ২০৪ টাকায় পৌঁছেছে। এছাড়াও দীর্ঘদিন ধরে মাথা গোঁজার স্থায়ী আশ্রয় না থাকা চা শ্রমিক পরিবারের কথা বিবেচনা করে সরকার প্রতিটি পরিবারকে আবাসনের জন্য দুই কাঠা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তিনি আরও জানান, প্রতিটি চা শ্রমিক পরিবারকে নবসা (NABSA) কার্ড প্রদান করা হবে। পাশাপাশি সমাজের অন্তিম সারির মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং চা শ্রমিকদের আরও বেশি সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।এদিনের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, কদমতলা-কুর্তি মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থসহ দলের অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থক সহ অসংখ্য চা শ্রমিকেরা।

বিভাগ

সর্বশেষ খবর