আর্জেন্টিনার অবহেলিত রত্নকে দলে ভেড়াল চেলসি

Aug 03, 2026

আর্জেন্টিনার অবহেলিত রত্নকে দলে ভেড়াল চেলসি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   গেল বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াডে থাকলেও দলে তেমন একটা সুযোগ পাননি ভালেন্তিন বার্কো। সেই তাকে দলে ভেড়াল চেলসি। আরসি স্ত্রাসবুর থেকে তাকে ৭ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ইংলিশ এই ক্লাব।এই চুক্তির খবর প্রথম এপ্রিল মাসে জানা গিয়েছিল। কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে প্রায় চার মাস সময় লেগে গেল।বোকা জুনিয়র্স থেকে চেলসি পর্যন্ত বার্কোর যাত্রাটা খুব একটা অস্বাভাবিক নয়। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ২০২৩ সালে প্রায় ১০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নিয়েছিল। এরপর তাকে ধারে পাঠানো হয় সেভিয়ায়। তার পরের মৌসুমে ধারে যান স্ত্রাসবুর। গত দেড় বছরে বার্কো স্ত্রাসবুরর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছিলেন। এই সময়ে তিনি আর্জেন্টিনার জার্সিতে পাঁচটা ম্যাচও খেলেছেন। বিশ্বকাপেও তিনি দলের সঙ্গে ছিলেন। যদিও খেলেছেন মাত্র একটা ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে তার অতিরিক্ত উদযাপনের জন্যই বেশি মনে রাখা হয় তাকে। ম্যাচ শেষে জুড বেলিংহাম তার কানে হালকা চড় মেরেছিলেন। বিষয়টি নিয়েও কম জলঘোলা হয়নি।মূলত মধ্যমাঠের খেলোয়াড় হলেও বার্কো লেফট ফ্ল্যাঙ্কে অনেকবার খেলেছেন। তিনি লেফট ব্যাক থেকে লেফট উইঙ্গার পর্যন্ত বিভিন্ন পজিশনে খেলেছেন। চেলসিতে এনজো ফের্নান্দেজকে নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে এরই মধ্যে এল বার্কোকে দলে ভেড়ানোর ঘোষণা।

বিভাগ

সর্বশেষ খবর