নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পঞ্জিকার পাতায় দিন যত এগোচ্ছে, ততই রাজ্যজুড়ে শারদীয়া দুর্গোৎসবের প্রস্তুতি জোরদার হচ্ছে। সেই উৎসবের আবহেই সোমবার তেলিয়ামুড়ার অন্যতম ঐতিহ্যবাহী রাজদূত ক্লাব তাদের শারদীয়া দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা করল খুঁটি পূজার মধ্য দিয়ে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে ক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয় খুঁটি পূজা। এর মধ্য দিয়েই শুরু হলো এবারের দুর্গামণ্ডপ নির্মাণের শুভ সূচনা।অনুষ্ঠানে ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। খুঁটি পূজাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ক্লাব চত্বরে।প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে রাজদূত ক্লাব জেলার অন্যতম আকর্ষণীয় দুর্গাপূজার আয়োজক হিসেবে নিজস্ব ঐতিহ্য গড়ে তুলেছে। প্রতি বছরই নতুন ভাবনা, নান্দনিক মণ্ডপসজ্জা, দৃষ্টিনন্দন আলোকসজ্জা এবং অভিনব উপস্থাপনার মাধ্যমে এই পূজা দর্শনার্থীদের মন জয় করে আসছে। জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য মানুষ এই পূজা উপভোগ করতে তেলিয়ামুড়ায় ভিড় জমান।ক্লাব সূত্রে জানা গেছে, এবারের পূজার মূল আকর্ষণ হতে চলেছে 'কালের ক্যানভাসে কুটির শিল্প' শীর্ষক থিম। কুটির শিল্প ও মাটির শিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই তৈরি হবে এবারের থিম মণ্ডপ। আগরতলার দক্ষ কারিগরদের হাত ধরে নির্মিত হবে এই বিশেষ মণ্ডপ। পাশাপাশি থাকবে অত্যাধুনিক আলোকসজ্জা ও মনোমুগ্ধকর পরিবেশনা, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা।এছাড়াও পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ একাধিক আকর্ষণীয় আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের বিশ্বাস, এবারের অভিনব থিম ও আয়োজন জেলার অন্যতম দর্শনীয় দুর্গাপূজায় পরিণত হবে এবং বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটবে।এদিন ক্লাবের সভাপতি তথা তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস-চেয়ারম্যান মধুসূদন রায় বলেন, "এবারের থিম 'কালের ক্যানভাসে কুটির শিল্প'-এর মাধ্যমে আমাদের হারিয়ে যেতে বসা লোকশিল্প ও গ্রামীণ ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন ঘটিয়ে দর্শনার্থীদের কাছে একটি ব্যতিক্রমী বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সংস্কৃতি ও সামাজিক ঐক্যেরও প্রতীক। সকলের সহযোগিতায় এবারের আয়োজন সফল হবে বলে আমরা আশাবাদী।" খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মধুসূদন রায়, সহ-সভাপতি নিপেন্দ্র দেব, পূজা কমিটির সম্পাদক সৌরভ দেব, প্রবীর ঘোষসহ ক্লাবের অন্যান্য সদস্য ও বিশিষ্ট শুভানুধ্যায়ীরা।