রাজ্যের নারী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন প্রয়াত গৌরী ভট্টাচার্য -মানিক সরকার

Aug 11, 2026

রাজ্যের নারী আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন প্রয়াত গৌরী ভট্টাচার্য -মানিক সরকার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে সদ্য প্রয়াত প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্যের স্মরণে এক স্মরণ  সভার আয়োজন করা হয়।  সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার,     প্রবীণ নারী নেত্রী রমা দাস, ঝর্না দাস পাল বৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব ও গুণমুগ্ধরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, গৌরী ভট্টাচার্য যখন নিজ এলাকায় প্রথম মহিলা পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হন, তখন ত্রিপুরার বেশিরভাগ অঞ্চলে গণতান্ত্রিক নারী সংগঠন বা গণআন্দোলনের তেমন কোনো শক্ত ভিত্তি ছিল না। সেই সময় কংগ্রেসি রাজনীতির প্রভাব এবং নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নিজের ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন।    মানিকবাবু আরও জানান,   পরবর্তী সময়ে প্রগতিশীল চিন্তাধারা এবং বামপন্থী আন্দোলনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গৌরী দেবী ও তাঁর স্বামী বিশ্বনাথ দাশগুপ্ত কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হন। পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে তাঁরা প্রগতিশীল ধারার নেতৃত্ব দেন। তৎকালীন সময়ে গ্রামীণ এলাকায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠা এবং বামপন্থী আন্দোলনকে তৃণমূল স্তরে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গৌরী ভট্টাচার্যের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সমগ্র অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শকে পাথেয় করে নারী অধিকার রক্ষা ও সমাজ পরিবর্তনের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিভাগ