ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা

Aug 13, 2026

ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      আমবাসা এলাকার শান্তিরপাড়ার একটি উপগলিতে  ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা নির্মাণের ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কোনো সঠিক প্ল্যানিং ছাড়াই এই নর্দমা ও রাস্তা তৈরি করা হয়েছে। নর্দমার উচ্চতা আশেপাশের বাড়িঘর ও উঠানের চেয়ে বেশি হওয়ায় বৃষ্টির জল ও ব্যবহৃত জল নিষ্কাশন না হয়ে উল্টে বাড়ির সামনে জমে থাকছে। এতে করে এলাকায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে এবং  জলবাহিত রোগের আশঙ্কা দেখা দিচ্ছে।এছাড়াও গলিটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে জরুরি প্রয়োজনে কোনো যান চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে। বর্ষার সামান্য বৃষ্টিতেই এলাকা প্লাবিত হওয়া, পানীয় জল দূষিত হওয়া এবং মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, এর আগে SDM, CEO, এবং আমবাসা মিউনিসিপ্যাল করপোরেশনের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েও কোনো সমাধান মেলেনি। অবশেষে কোনো উপায় না পেয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে ধলাই জেলার জেলা শাসক -এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন শান্তিরপাড়ার ক্ষুব্ধ বাসিন্দারা। এখন দেখার, প্রশাসন কি সত্যিই কোনো কার্যকরী ব্যবস্থা নেয়, নাকি  বর্ষায় জলযন্ত্রণাতেই ভুগতে হবে এলাকাবাসীকে।