হলদওয়ানির 'শুদ্ধিকরণ'-এর সঙ্গে যুক্তদের গ্রেফতার করা উচিত : মল্লিকার্জুন খাড়গে

Aug 14, 2026

হলদওয়ানির 'শুদ্ধিকরণ'-এর সঙ্গে যুক্তদের গ্রেফতার করা উচিত : মল্লিকার্জুন খাড়গে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃউত্তরাখণ্ডের হলদওয়ানির রামলীলা ময়দানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ভাষণের পর সেই স্থান 'শুদ্ধিকরণ' করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এটিকে অস্পৃশ্যতার ঘটনা বলে অভিহিত করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, এই ধরনের শুদ্ধিকরণ দেশকে বিভক্ত করার কাজ করে। এও বলেন, হলদওয়ানিতে যাঁরা শুদ্ধিকরণ করেছেন, তাঁদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার করা উচিত। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। মল্লিকার্জুন খাড়গে বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের বলেন, হলদওয়ানিতে যা ঘটেছে তা দেশের জন্য সঠিক নয় এবং এটি দেশকে বিভক্ত করে। বিষয়টি তিনি বৃহস্পতিবার রাজ্যসভাতেও উত্থাপন করেন। বলেন, তিনি হলদওয়ানির রামলীলা ময়দানে জনগণের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তিনি জনসভায় কোনো ধর্ম বা সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি, কেবল জনগণের সমস্যাগুলো তুলে ধরেছেন। খাড়গে অভিযোগ করেন, জনসভা থেকে তিনি চলে যাওয়ার পর বুধবার বিজেপির সদস্যরা সেই জায়গার শুদ্ধিকরণ করে। এটি অত্যন্ত নিন্দনীয়।উল্লেখ্য, হলদওয়ানিতে ৮ আগস্ট তাঁর সমাবেশের পর ময়দান 'শুদ্ধিকরণ' করা হয়। হলদওয়ানির রামলীলা ময়দানে ওই দিন কংগ্রেসের 'বিজয় শঙ্খনাদ সমাবেশ' আয়োজিত হয়েছিল। এর দু'দিন পর সেই একই স্থানে 'শ্রীরাম সেনা ধর্মার্থ সেবা ট্রাস্ট'-এর পক্ষ থেকে পুজো এবং শুদ্ধিকরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেই কর্মসূচির ছবি ও ভিডিও সামনে আসার পর থেকেই রাজনৈতিক রং লাগে এতে।