নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ চন্ডিপুর বিধানসভার গৌরনগর ব্লকের গোলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীছড়ার বাঁধ পরিদর্শন করলেন সমাজ শিক্ষা ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। রবিবার মন্ত্রীর সঙ্গে ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন (আইএএস), বিডিও ওঙ্কার দেব সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনে মন্ত্রী জানান, বাঁধের কাজ প্রায় শেষের পথে। বাকি মাটি ফেলার কাজ আগামী ৫-৬ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ইট বিছিয়ে মেটেলিং ও কার্পেটিংয়ের মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হবে। দুর্গাপূজার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।এলাকার পানীয় জলের সমস্যাও খতিয়ে দেখেন মন্ত্রী। একটি ডিপ টিউবওয়েল চালু থাকলেও জমি সংক্রান্ত জটিলতার কারণে সেখান থেকে স্থানীয়রা জল পাচ্ছেন না। পরিস্থিতি মোকাবিলায় নতুন পাইপলাইন বসিয়ে আগামী কয়েক দিনের মধ্যে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির আশায় স্থানীয় বাসিন্দারা।