নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ একসময়ের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার রুপালি পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। বর্তমানে ধারাবাহিকেও কেন্দ্রীয় চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা দানা বাঁধায় দীর্ঘদিন বিরতি নিতে হয় তাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। কিন্তু দীর্ঘ অসুস্থতাজনিত কারণে সামাজিক মাধ্যমেও বিরতি কাটিয়ে ফিরছেন তিনি। আবার সক্রিয় হয়েছেন অভিনেত্রী। তবে নেটদুনিয়ায় ফিরেই ওজন কমে যাওয়া, চুলের ধরন বদলে যাওয়া এবং ব্যক্তিগত জীবন নিয়ে ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। তাই সামাজিক মাধ্যমে কটাক্ষ আর ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া খবর ছড়ানোয় এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার। সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার ২৬ বছর বিয়ে হয়েছে। সফল দাম্পত্য জীবন আমার। আর এখন আমি ডিভোর্স দিয়ে করবটা কি? আর ডিভোর্স দিবোই বা কেন? আমার বর তো খুব ভালো, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, কোনো কারণ নেই ডিভোর্স দেওয়ার। তিনি বলেন, শুধু অর্থ উপার্জন ও ভিউ পাওয়ার উদ্দেশ্যে কিছু বেনামী পোর্টাল এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তা মোটেও ঠিক নয়।