নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি তাপসীর একটি মন্তব্যের জবাবে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে পরোক্ষভাবে আক্রমণ করেন। পরে অবশ্য সেই পোস্ট দুটি মুছে দেন কঙ্গনা। এর পরই তাপসী সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন।শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসী লেখেন, ‘হেন্স, প্রুভড’ (অতএব, প্রমাণিত)। যদিও তিনি পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি, তবে কঙ্গনার মুছে দেওয়া স্টোরির পরপরই এটি প্রকাশ করায় অনেকেই মনে করছেন, মন্তব্যটি কঙ্গনাকেই উদ্দেশ করে করা।কঙ্গনা তার প্রথম স্টোরিতে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে কটাক্ষ করেন। এই শব্দটি এর আগেও তাদের প্রকাশ্য দ্বন্দ্বের সময় তাপসীকে উদ্দেশ করে ব্যবহার করা হয়েছিল।কঙ্গনা লেখেন, তাপসী তার আসন্ন বি-গ্রেড সিনেমা নিয়ে প্রচারে থাকলেও সংবাদমাধ্যমের শিরোনামে বরাবরের মতো আমার নামই উঠে আসছে। তার দাবি, এবার তাপসী তার বেড়ে ওঠা ও বাবা-মাকে নিয়ে মন্তব্য করে ‘সব সীমা’ ছাড়িয়ে গেছেন। কঙ্গনা বলেন, আমি সাধারণত কোনো বিতর্কে অন্য পক্ষের বাবা-মাকে টেনে আনি না। তবে এবার তিনি প্রশ্ন তুলেছেন, তাপসীর বাবা-মা কেন তার মতো ‘অরিজিনাল’ কাউকে জন্ম দিতে পারেননি?এর পরের স্টোরিতে তাপসীর মন্তব্যের একটি প্রতিবেদন শেয়ার করে কঙ্গনা তাকে সরাসরি আক্রমণ করেন। তিনি দাবি করেন, অনেকেই তার পারিবারিক পরিচয় ও বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের পরিবারকে রাজপুত জমিদার বংশের বলে উল্লেখ করে কঙ্গনা বলেন, শিক্ষিত ও মর্যাদাসম্পন্ন বাবা-মায়ের কাছেই আমি বড় হয়েছি। নিজের জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত ছিল তার ব্যক্তিগত পছন্দ বলেও মন্তব্য করেন তিনি।সম্প্রতি নিজের নতুন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত তাপসী। এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে দীর্ঘদিনের বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমাদের কখনো সরাসরি দেখা হয়নি। তাপসীর ভাষ্য, কঙ্গনা সম্পর্কে তার মতামত তার নিজের বেড়ে ওঠা, কথা বলার ধরন ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। একইভাবে কঙ্গনাও নিজের দৃষ্টিভঙ্গিতে অটল—এখন মানুষই দুজনের বক্তব্য দেখে বিচার করতে পারেন।কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য দ্বন্দ্বের শুরু ২০১৯ সালে। সে সময় কঙ্গনার বোন রাঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে কঙ্গনার ‘সস্তি কপি’ বলে আখ্যা দেন। পরে ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগত শিল্পীদের নিয়ে বিতর্কের সময় দুই অভিনেত্রীর বিরোধ আরও তীব্র হয়। কঙ্গনা তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড’ ও ‘প্রয়োজনমতো সুবিধা নেওয়া বহিরাগত’ বলে মন্তব্য করেছিলেন। এরপর থেকেই বিভিন্ন সময়ে দুজনের মধ্যে পালটা-পালটি মন্তব্য অব্যাহত রয়েছে।