যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা মায়াবতীর

Aug 24, 2026

যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা মায়াবতীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     দিল্লির যন্তর-মন্তরে সংরক্ষণ বিরোধী বিক্ষোভকে ঘিরে কংগ্রেস ও রাহুল গান্ধীকে নিশানা করলেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) সর্বভারতীয় সভাপতি মায়াবতী। রবিবার ‘এক্স’-এ পোস্ট করে তিনি সংরক্ষণের মতো সংবেদনশীল বিষয়ে সস্তা রাজনীতি না করার এবং এমন রাজনীতিকে প্রশ্রয় না দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে সংরক্ষণ-বিরোধী মানসিকতার অভিযোগ তোলেন তিনি। মায়াবতী বলেন, যন্তর-মন্তরে সংবিধান অনুযায়ী এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের জন্য নির্ধারিত সংরক্ষণের বিরোধিতায় জমায়েত এবং আর্থিক ভিত্তিতে সংরক্ষণের দাবি তোলা যথাযথ নয়। সংরক্ষণ নিয়ে এমন কোনও পদক্ষেপ করা উচিত নয়, যাতে সমতাভিত্তিক সমাজ এবং উন্নত ও মর্যাদাশীল দেশ গঠনের সাংবিধানিক প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হয়।তিনি বলেন, শতাব্দীর পর শতাব্দী জাতপাতের বৈষম্যের শিকার এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের জন্যই সংবিধানে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ড. ভীমরাও আম্বেদকরের বক্তব্যের উল্লেখ করে মায়াবতী বলেন, জাতপাতের পরিত্যাগই সবচেয়ে বড় দেশপ্রেম। একই মনোভাব নিয়ে দেশহিতে কাজ করার আবেদন জানান তিনি।আর্থিক ভিত্তিতে সংরক্ষণের দাবি প্রসঙ্গে মায়াবতী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার প্রতি বছর দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন প্রকল্পে বিপুল অর্থ খরচ করে। দুর্নীতি ও সরকারি ব্যবস্থার ত্রুটির কারণে সেই সুবিধা যদি প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে না পৌঁছয়, তা হলে তা ব্যবস্থার ব্যর্থতা।

বিভাগ