ধলাই জেলার আমবাসার লালছড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক 'এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিক্যাল কলেজ'

Aug 24, 2026

ধলাই জেলার আমবাসার লালছড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক 'এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিক্যাল কলেজ'

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো এবং চিকিৎসা শিক্ষায় যুক্ত হল এক নতুন পালক। ধলাই জেলার আমবাসার লালছড়িতে গড়ে উঠতে চলেছে অত্যাধুনিক 'এইচ পি ঘোষ মেমোরিয়াল মেডিক্যাল কলেজ'। আজ সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রস্তাবিত মেডিক্যাল কলেজের শুভ ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বন্ধন গ্রুপের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষ সহ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক কর্মযজ্ঞের সূচনা হয়।ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং দক্ষ চিকিৎসা কর্মী গড়ে তোলার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ নিল বন্ধন গ্রুপের এইচ পি ঘোষ মেমোরিয়াল ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন—ধলাই জিলা পরিষদের সভাধিপতি শ্রীমতি সুস্মিতা দাস,​৪৬-সুরমা কেন্দ্রের বিধায়িকা শ্রীমতি স্বপ্না দাস পাল,​৪৭-আমবাসা কেন্দ্রের বিধায়ক শ্রী চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব এবং ​আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান শ্রীমতি প্রতিমা মালাকার এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্যে (IAS), ধলাই জেলার জেলাশাসক শ্রী বিবেক এইচ বি (IAS), স্বাস্থ্য অধিকর্তা ডা. দেবাশ্রী দেববর্মা, চিকিৎসা শিক্ষা অধিকর্তা প্রফেসর ডা. অভিজিৎ দত্ত এবং বন্ধন গ্রুপের চেয়ারম্যান শ্রী চন্দ্রশেখর ঘোষ। প্রস্তাবিত এই মেডিক্যাল কলেজ শুধু ধলাই জেলাই নয়, বরং রাজ্যের প্রত্যন্ত অঞ্চল এবং পার্শ্ববর্তী উত্তর-পূর্বের রাজ্যগুলির সাধারণ মানুষের জন্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করবে। একই সাথে রাজ্যের বহু ছাত্রছাত্রীর জন্য চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ ও দ্বার উন্মোচিত হবে।ধলাই জেলার মতো গুরুত্বপূর্ণ প্রান্তে একটি স্বয়ংসম্পূর্ণ মেডিক্যাল কলেজ স্থাপন নিঃসন্দেহে ত্রিপুরার স্বাস্থ্য খাতের জন্য এক বিরাট মাইলফলক। এর ফলে রাজ্যের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার মান আরও উন্নত হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

পাশাপাশি এই দিন এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ধলাই জেলাশাসক কার্যালয়ের প্রাঙ্গণে একটি ধলাই ক্যাফেটেরিয়া নামক ক্যাফের উদ্বোধন করেন এবং পরবর্তী সময় জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হয়।

বিভাগ