নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ই-রিকশা, টমটম ও অটোচালকদের ওপর হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বুধবার আগরতলার পোস্ট অফিস চৌমুহনীস্থিত প্রদেশ কংগ্রেস ভবন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে।
এদিন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল অভিযোগ করেন, চাল, চিনি, পেঁয়াজ, সরিষার তেল, মুগ ডাল, মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমাগত বেড়ে চলেছে। এর পাশাপাশি ই-রিকশা, টমটম ও অটোচালকরাও প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
শান্তনু পালের দাবি, একদিকে মন্ত্রীদের পক্ষ থেকে অটোচালকদের চলাচলের অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশ তাদের নির্দিষ্ট কিছু রাস্তায় চলাচল করতে বাধা দিচ্ছে। বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও চালকদের হেনস্তা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকার এই বিষয়গুলিতে দ্রুত নজর না দিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি শান্তনু পাল।