নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ “রক্তদান মহৎ দান”-এই বার্তাকে সামনে রেখে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যন্ত কুর্তি এলাকায় মানবিকতার অনন্য নজির গড়ল কুর্তি ইয়ুথ ক্লাব।বৃহস্পতিবার দুপুরে ক্লাব প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই ধরনের বৃহৎ উদ্যোগ এলাকায় সম্ভবত এই প্রথম বলেই দাবি উদ্যোক্তাদের।শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসেন। এদিন প্রায় ৫০ জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করেন। গ্রামীণ এলাকার মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে গোটা ক্লাব প্রাঙ্গণ।অনুষ্ঠানের শুভ সূচনা করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, যুব মোর্চার মণ্ডল সভাপতি অমিতাভ নাথ, এলাকার বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল খালিক, কদমতলা থানার ওসি গুরুপদ দেবনাথ, ক্লাব সভাপতি ইকবাল হোসেন, সম্পাদক আসুক মিয়া-সহ ক্লাবের সকল সদস্যরা।স্বাধীনতা দিবসের আবহে আয়োজিত এই রক্তদান কর্মসূচি শুধু রক্তের ঘাটতি পূরণে সহায়ক নয়, সমাজের প্রতি তরুণ প্রজন্মের দায়বদ্ধতারও বার্তা বহন করে। কুর্তি ইয়ুথ ক্লাবের সদস্যদের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের সদস্যরা।