নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যের প্রখ্যাত সংবাদপত্র সম্পাদক সুবল কুমার দে'র বাড়ি থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন চুরি। ঘটনা বুধবার সকালে। সুবল কুমার দে'র পুত্র অরিন্দম দে'র ঘর থেকে এই স্বর্ণের চেইন চুরি হয়। ঘটনাটি যথারীতি পূর্ব থানায় জানানো হয়। অভিযোগ পেয়ে পূর্ব থানার মহিলা এসআই কমলা রানী মুড়াসিং ঘটনার তদন্ত শুরু করে। তিনি সুবল কুমার দে'র বাড়িতে নিয়োজিত পরিচারিকাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যারাতে এক পরিচারিকার বাড়িতে হাজির হয় পুলিশ ।তার ঘর থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের চেইনটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত পরিচারিকাকে গ্রেফতার করা হয় ।এদিকে বুধবারই বনমালীপুর এলাকা থেকে দুটি দামি বাইসাইকেল সহ এক চোরকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। বৃহস্পতিবার পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এই সংবাদ জানান। তিনি জানান, ধৃত সাইকেল চোরকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের সম্ভাবনা রয়েছে।