নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে মান্দাই বিধানসভা কেন্দ্রের লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি। বিশেষ করে বর্ষার মরশুমে রাস্তার বিভিন্ন অংশে জল জমে যাওয়ায় যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এডিসি এলাকার বিভিন্ন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন সাধারণ মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
মান্দাই বিধানসভা কেন্দ্রের লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার এই রাস্তা এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় রাস্তার বিভিন্ন অংশ ভেঙেচুরে গর্তে পরিণত হয়েছে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।
বিশেষ করে বেল কোবই এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বৃষ্টির জল জমে থাকার কারণে রাস্তার গর্ত বোঝা যায় না, ফলে পথচারী, বাইক আরোহী এবং অন্যান্য যানবাহন চালকদের প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের দাবি, এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া, কর্মজীবী মানুষসহ অসংখ্য সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াত করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও এখনও পর্যন্ত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ চোখে পড়েনি।
স্থানীয় জনতা এদিন এলাকার এমডিসি জগদীশ দেববর্মা এবং বিধায়িকা স্বপ্না দেববর্মার দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এলাকাটি পরিদর্শনের আবেদন জানান। তাঁদের দাবি, জনপ্রতিনিধিরা সরেজমিনে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করুন।
স্থানীয়দের একটাই দাবি—বর্ষার মরশুমে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই লরি বাজার থেকে দিনান কোবরা যাওয়ার বেহাল রাস্তার দ্রুত সংস্কার করা হোক। এখন দেখার বিষয়, স্থানীয়দের এই দীর্ঘদিনের দাবির পর সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিরা কবে এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন।