নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গাঁজা পাচার মামলায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াই জেলা আদালত। একইসঙ্গে প্রত্যেক অভিযুক্তকে এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়েছে। জানা যায়, ২০২১ সালের ৯ জুলাই তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। তল্লাশিতে গাড়ি থেকে মোট ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনায় গাড়ির চালক পার্থ দেবনাথ এবং সহ-চালক বিজেশ দেববর্মকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে মামলাটি খোয়াই জেলা আদালতের স্পেশাল জজ শর্মিষ্ঠা মুখার্জীর আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনার পর আদালত দুই অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করেন।এরপর আদালত পার্থ দেবনাথ ও বিজেশ দেববর্ম—উভয়কেই ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানার নির্দেশ দেন।আদালতের এই রায়ে গাঁজা পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।