নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ ও হুমকির নীতি মধ্যপ্রাচ্যের অর্থনৈতিকভাবে ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিরগিজস্তানে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট জানান, ইসলামাবাদের সমঝোতা স্মারকের আওতায় নিজেদের দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। কার্যকর কোনো গ্যারান্টি ছাড়া আবারও চাপ ও হুমকির রাজনীতিতে ফিরে যাওয়ার ঘটনা চলতে থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সুর আরও কঠোর করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক মন্তব্য করে ইরানকে ‘কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছেন। এ ধরনের মুখোমুখি অবস্থান ও হুমকির প্রেক্ষাপটেই ইরানি প্রেসিডেন্ট তার তীব্র উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করলেন।