নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দশ বছর বাদে অনুষ্ঠিত হচ্ছে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন।ভিলেজ ভোটকে নিম্নে রেখে রাজ্য জুড়ে নীরাপত্তার ঘুঁটি সাজাচ্ছে পুলিশ,সিআরপিএফ, বিএসএফ ও টিএসআর।এই অবস্থায় আগ্নেয়াস্ত্র চালানের বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। রবিবার রাতে ৩৫ আসাম রাইফেলসের জওয়ানরা অভিযান চালিয়ে দুটি অত্যাধুনিক পিস্তলসহ দুই অস্ত্র কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শালবাগান বিএসএফ ফ্রন্টিয়ারের সামনে। ধৃত দুই যুবকের নাম যথাক্রমে সুরজ কুমার এবং শ্রীকান্ত কুমার। এর মধ্যে সুরজের বাড়ি বিহারের বৈশালী জেলায় এবং শ্রীকান্তের বাড়ি বিহারের রামসি জেলায়। জওয়ানরা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছেন। বাজোপ্ত হওয়া দুটি অস্ত্রের মধ্যে একটি ইউএস মেড এবং অপরটিতে কোনো দেশের নাম বা সিলছাপ্পা পাওয়া যায়নি। উদ্ধার হওয়া দুটি অস্ত্রই ৭.৬২ এমএম বোরের। গ্রেফতারের পর ধৃতদের এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাদের দফায় দফায় জেরা করেন তদন্তকারীরা। এই জেরায় অস্ত্র পাচার সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসেছে। সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে এনসিসি থানা। এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কাদের কাছে পৌঁছানোর পরিকল্পনা ছিল, তার ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্ক খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। পুজোর মুখে শহরে অস্ত্রের এই ঝিলিক উদ্ধারের ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।